তিন জেলায় বন্যার শঙ্কা, সতর্কসীমায় উঠতে পারে নদীর পানি
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
ছবি: সংগৃহীত
উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও উজান এলাকায় আগামী তিন দিন মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে। এতে চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানির সমতল বেড়েছে। তবে যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে এবং আগামী পাঁচ দিনও তা স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা নদীর পানির সমতল বাড়লেও পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, গঙ্গা নদীর পানির সমতল আগামী দুই দিন বাড়তে পারে। এরপর তিন দিন তা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু এলাকায় গঙ্গা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় গড়াই ও মাথাভাঙা নদীর পানিও বেড়েছে। আগামী তিন দিন এ দুই নদীর পানি আরও বাড়তে পারে। এ সময় গড়াই নদীর পানি ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার কিছু এলাকায় সতর্কসীমায় পৌঁছাতে পারে। ফলে এসব জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতলও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে আগামী তিন দিন ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তিস্তা নদীর পানি এ সময়ে কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন সুরমা নদীর পানি আরও কমতে পারে। তবে কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে পাউবো।