EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে লক্ষ্মীপুরের হাজারো মানুষ

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে লক্ষ্মীপুরের হাজারো মানুষ

ছবি: ডেইলি সান

অ অ

একটি সেতু নেই। আর তাতেই যেন থমকে আছে প্রায় ১০ কিলোমিটার এলাকার মানুষের যোগাযোগ। লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতী নগর ইউনিয়নের রামকৃষ্ণপুর দিঘির পাড় নামক স্থানে দীর্ঘদিন ধরে সেতুর অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলে সেতু নির্মিত না হওয়ায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী, রোগী ও বয়স্ক ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কটির গুরুত্বপূর্ণ এই অংশে সেতু নির্মাণ না হওয়ায় স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পথচারীদের।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের। প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় তাদের ঝুঁকিপূর্ণভাবে পারাপার হতে হয় বলে জানান স্থানীয়রা। অসুস্থ রোগী ও বয়স্কদের ক্ষেত্রেও এ পথ পার হওয়া বড় ধরনের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই স্থানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরলেও এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে বছরের পর বছর ধরে একই দুর্ভোগ বয়ে বেড়াচ্ছেন তারা।

রামকৃষ্ণপুরের বাসিন্দারা বলেন, সড়কটি থাকলেও সেতুর অভাবে এর সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। একটি সেতু নির্মাণ হলে পার্বতী নগরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ সহজ ও নিরাপদ হবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনেও গতি আসবে।

তাদের দাবি, জনস্বার্থ বিবেচনায় রামকৃষ্ণপুর দিঘির পাড়ে দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চান তারা।

স্থানীয়দের প্রত্যাশা, চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় প্রায় ১০ কিলোমিটার এলাকার মানুষের যোগাযোগের এই গুরুত্বপূর্ণ বাধা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন