মানবতাবিরোধী অপরাধে আযাদের আপিল শুনানি পেছাল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম
ছবি: সংগৃহীত
একাত্তরের মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিলের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আবুল কালাম আযাদের আইনজীবীরা জানান, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষ হওয়ার পর আপিলটির শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি রয়েছে।
আপিলে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সাজা স্থগিতের আবেদন জানিয়েছেন।
পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি ছিল প্রথম রায়।
মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে আবুল কালাম আযাদ পরিচিতি পান।
চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন তিনি। এরপর তার মামলার আপিলের শুনানি চলছে।