EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাতিসংঘের ৮১তম অধিবেশনের নেতৃত্বে বাংলাদেশ, আজ দায়িত্ব নেবেন খলিলুর রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম

জাতিসংঘের ৮১তম অধিবেশনের নেতৃত্বে বাংলাদেশ, আজ দায়িত্ব নেবেন খলিলুর রহমান

ছবি: সংগৃহীত

অ অ

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক বছরের জন্য তিনি বিশ্বের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় ফোরামটির কার্যক্রম পরিচালনা করবেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় এ অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ।’

অধিবেশন শুরুর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন খলিলুর রহমান। এদিকে জাতিসংঘে বাংলাদেশের কার্যালয় এক বার্তায় তাঁকে নতুন বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। গোপন ভোটে তিনি ৯৯ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট। নির্বাচনে মোট ১৯০টি ভোট পড়ে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক গ্রুপের পালা ছিল। বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান খলিলুর রহমান। তাঁর এ নির্বাচনকে বাংলাদেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় চার দশক পর আবারও কোনো বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।

জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত সাধারণ পরিষদ সংস্থাটির প্রধান নীতিনির্ধারণী ও আলোচনা ফোরাম। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকারসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে সদস্যরাষ্ট্রগুলোর আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পরিষদ।

আরও পড়ুন