লোকসানে থাকা ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শনে বিএসএফআইসি চেয়ারম্যান
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি: সংগৃহীত
ক্রমাগত লোকসানে থাকা সুগার মিলগুলোকে পুনরুজ্জীবিত করতে করপোরেশনের আওতাধীন মিলগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো.শামছুজ্জামান। দুই দিনের এক সরকারি সফরের শেষ দিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে এ পরিদর্শন করেন তিনি।
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে মো.শামছুজ্জামান ঠাকুরগাঁও সুগার মিলের গেস্ট হাউজে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান।
এসময় মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) নুরুল আমিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সুভাষ চন্দ্র সিংহ, ডিজিএম (সম্প্রসারন) তাজিরুল ইসলাম, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ব্যবস্থাপক (উৎপাদন) হাসানুজ্জামান,বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন রতন সহ মিলের উর্ধতন কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে ঠাকুরগাঁও সুগার মিলের অধিগ্রহনকৃত জমিতে নির্মানাধীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএসএফআইসি চেয়ারম্যান। পরে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ও চিলারং ইউনিয়নের দুইজন আখচাষীর প্লটে আখরোপন করেন ও আখচাষীদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফআইসি সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।
এর আগে তিনি ঠাকুরগাঁও সুগার মিলের কারখানা বিভাগসহ অন্যান্য দপ্তর পরিদর্শন করেন। মিল পরিদর্শনকালে বিএসএফআইসি চেয়ারম্যান মিলের দুর্বল দিকগুলো চিহ্নিত করেন এবং তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন। তাঁর এ সফর ঠাকুরগাঁও সুগার মিলের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর।