EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হলে বাড়বে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান: রাষ্ট্রপতি

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হলে বাড়বে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিক্ষার মান উন্নত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির নির্মাণকাজ অল্প সময়ের মধ্যেই শুরু হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টার দিকে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণ করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই এর নির্মাণকাজ শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের মানুষের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং শিক্ষার মান উন্নত হবে। ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনটিকে ঠাকুরগাঁওসহ এ অঞ্চলের মানুষের জন্য আনন্দের দিন বলেও উল্লেখ করেন তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি বলেন, হানাহানি, সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন আর হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এর আগে রোববার দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সরকারি সফর।

আরও পড়ুন