EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সংসদে ওসমানী বিমানবন্দর আধুনিকায়নের দাবি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

সংসদে ওসমানী বিমানবন্দর আধুনিকায়নের দাবি

ছবি: সংগৃহীত

অ অ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ ও আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরী জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের মাধ্যমে সংসদের অধিবেশনে তিনি এই দাবি তুলে ধরেন।

সংসদে বক্তব্যে মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন, সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত হওয়ায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ সিলেটবাসী নিয়মিত এই বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করেন। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও প্রযুক্তিগত আধুনিকায়নের অভাবে প্রবাসীদের পাশাপাশি সাধারণ যাত্রীদের প্রতিনিয়ত নানাবিধ ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সিলেট-৫ আসনের এই সংসদ সদস্য উল্লেখ করেন, রানওয়ের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সিলেটের পর্যটন শিল্পের বিকাশের জন্যও এই বিমানবন্দরকে আধুনিকায়ন করা ও সকল প্রকাল সুবিধা নিশ্চিত করার গুরুত্ব নিয়েও তিনি কথা বলেন।

আবুল হাসান আরও বলেন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাঁদের রেমিট্যান্সে দেশ সমৃদ্ধ হচ্ছে, তাই তাঁদের যাতায়াত সুগম ও সম্মানজনক করতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন দ্রুত করা প্রয়োজন।

সংসদে স্পিকারের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর উদ্দেশ্যে তিনি এ নোটিশ উত্থাপন করেন। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও জোরালো আহ্বান জানান সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

আরও পড়ুন