পাচারের টাকা দিয়ে নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে আওয়ামী লীগ: জিলানী
ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা আওয়ামী লীগ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি।
এস এম জিলানী বলেন, যদি সাহস ও রাজনৈতিক শক্তি থাকে, তাহলে মাঠে আসেন। আমরা আপনাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব, অন্য কোনো পন্থায় নয়।
তিনি বলেন, আজকে টুঙ্গিপাড়ার মাটিতে রাজনৈতিকভাবে এত বড় শোভাযাত্রা প্রদর্শন করে ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। তবে যারা দেশ-বিদেশ থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার ছড়াচ্ছেন, তাদেরকে সবিনয়ে বলতে চাই, জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু জাতীয়তাবাদী দলের ওপর কোনো রকম উস্কানি ও হস্তক্ষেপ করা হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে মোকাবিলা করা হবে।
সংসদ সদস্য আরও বলেন, এই টুঙ্গিপাড়া আমারও জন্মস্থান। আর এই টুঙ্গিপাড়ায় যারা বিএনপির রাজনীতি করেন, প্রত্যেকটা মানুষের জন্মস্থানও এই ভূমিতে। আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।
সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহ-সভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির, কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।