মাজারে খাদেম হত্যা, দুই জেএমবি সদস্যের ফাঁসি বহাল হাইকোর্টে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাতিকা হোসাইনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন—জেএমবি সদস্য মাসুদ রানা ও লিটন মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড় এলাকায় নিজ দরবার শরিফে রহমত আলীকে গলা কেটে হত্যা করা হয়। তিনি সুরেশ্বরী পীরের অনুসারী ও ওই মাজারের খাদেম ছিলেন।
পরদিন নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।
মামলাটি তদন্তের পর পুলিশ জানায়, ধর্মীয় অনুভূতি ও মতাদর্শগত বিরোধের জেরে জেএমবির সদস্যরা রহমত আলীকে হত্যা করেন।
পরে মামলার বিচার শেষে ২০১৮ সালের ১৮ মার্চ রংপুরের বিশেষ জজ আদালত সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে খালাস দেন।
ওই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) শুনানি হয় হাইকোর্টে। শুনানি শেষে রোববার আদালত দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার পর মামলাটিতে মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।