বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে ত্রাস, ব্যবসায়ীকে কুপিয়ে জখম
ডেইলি সান রিপোর্ট, বগুড়া
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
বগুড়ায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলার আগে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালী এলাকায় জারা কার হাউসের বিপরীতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী মোকছেদ আলী (৩৮) মাটিডালী উত্তরপাড়া এলাকার হায়দার আলীর ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, বগুড়া সদর উপজেলার বারোপুর-নামুজা সড়ক এলাকায় প্রায় ৩২ বিঘা আয়তনের একটি আমবাগানের মালিকানা ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে মোকছেদ আলীকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল বলে স্থানীয়দের দাবি।
শুক্রবার রাতে ৬-৭ জনের একটি সশস্ত্র দল মাটিডালী এলাকায় এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে সরে গেলে দুর্বৃত্তরা মোকছেদ আলীকে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, মোকছেদ আলী পঞ্চগড়ে স্বর্ণের ব্যবসার সঙ্গে জড়িত। তিনি মাঝেমধ্যে এলাকায় এসে দু-এক দিন অবস্থান করে আবার চলে যান। স্থানীয়ভাবে তাঁর সঙ্গে কারও বিরোধের কথা জানা ছিল না।
ঘটনার খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা, দুই জোড়া জুতা ও কিছু লাঠিসোঁটা জব্দ করেছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মোরাদ বলেন, উদ্ধার করা গুলির খোসাগুলো ৭ দশমিক ৬৫ এমএম বোরের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমবাগানের মালিকানা নিয়ে পূর্ববিরোধের জেরে হামলাটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের স্বার্থে এ মুহূর্তে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।