ফ্যাসিবাদী আ. লীগ গ্যাস উত্তোলনের উদ্যোগ না নেওয়ায় সংকট হয়েছে: শামা ওবায়েদ
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় দেশে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘এই সংকট মোকাবিলায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা রয়েছে। অচিরেই বিদ্যুৎসহ গ্যাসনির্ভর বিভিন্ন খাতে উন্নতির গতি আরও বাড়বে।’
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ওই সময়ে দেশের শিক্ষা, কৃষিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব খাত পুনর্গঠন ও উন্নয়নে বিএনপি কাজ করবে বলেও তিনি জানান।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন করে না। যারা কোনো অন্যায় করেননি, তাদের যেন অন্যায়ভাবে হয়রানি করা না হয়। বিএনপির রাষ্ট্রনায়ক তারেক রহমানও কাউকে অন্যায়ভাবে হয়রানি না করার জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালিটি। র্যালিতে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহাবুব আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. ফজলুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, তালুকদার মোরাদ হোসেন, জামাল মাতুব্বর ও মাহমুদ হাসান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন এবং গাছের চারা রোপণ করেন।