এক মাসের মধ্যে রংপুর মেডিকেলে নতুন আইসিইউ বেড চালু: ত্রাণমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি: সংগৃহীত
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান ও সেবার পরিধি সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। অ্যানেসথেশিয়া সংকটের সমাধান হওয়ায় আগামী এক মাসের মধ্যে হাসপাতালে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।
নতুন আইসিইউ বেড চালুর বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের ঘাটতি রয়েছে। অ্যানেসথেশিয়ার সংকটের কারণে আগে সেগুলো চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে অ্যানেসথেশিয়ার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে তিনি নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হাসপাতালের জনবল সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে জনবল সংকট দেশের একটি বড় সমস্যা। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় জনবল ও সেবার চাহিদা পূরণে কাজ করা হবে।
হাসপাতালের সেবার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সবার সহযোগিতা পাওয়া গেলে অল্প সময়ের মধ্যেই হাসপাতালে আরও নতুন সেবা চালু ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন।