EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মিলছে নিত্যপণ্য, কামরাঙ্গীরচরে হাজারো মানুষের ঢল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মিলছে নিত্যপণ্য, কামরাঙ্গীরচরে হাজারো মানুষের ঢল

ছবি: সংগৃহীত

অ অ

প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পেয়ে রাজধানীর কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া দিয়েছেন হাজারো নাগরিক। পরিচ্ছন্ন নগর গঠন, বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ততা বাড়ানো এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

শনিবার (৫ সেপ্টেম্বর) কামরাঙ্গীরচরের আশরাফাবাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বসানো অস্থায়ী বাজারে এলাকার মানুষ বাসাবাড়ির প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য সংগ্রহ করেন।

কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। ড্রেন ও নালা-নর্দমায় প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নির্ধারিত স্থানে বর্জ্য জমা দেওয়ার অভ্যাস গড়ে উঠলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশও সুরক্ষিত হবে।

তিনি জানান, কর্মসূচিটি পুরো নগরীতে ছড়িয়ে দিতে শিগগিরই গুলিস্তানে একটি স্থায়ী স্টল স্থাপন করা হবে। পর্যায়ক্রমে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে শুধু সহায়তা নয়, পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশীদার করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। গত দুই বছরে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আয় হয়েছে, যা দিয়ে প্রায় চার লাখ মানুষকে খাবার দেওয়া সম্ভব হয়েছে।

কর্মসূচির আওতায় আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় এক লাখ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডিএসসিসি প্রশাসক কামরাঙ্গীরচরবাসীকে বুড়িগঙ্গা নদী রক্ষা, নদী দখলমুক্ত রাখা এবং যত্রতত্র বর্জ্য না ফেলার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন