নারায়ণগঞ্জ হকার্স মার্কেটের পাশে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
নারায়ণগঞ্জ হকার্স মার্কেটের পাশ থেকে শুভ দাস নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে হকার্স মার্কেট সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে স্থানীয়রা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজারের হরি চন্দ্র দাসের ছেলে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে শুভ দাস কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন এবং কারা তাকে গুলি করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।