রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
দেশে রোহিঙ্গা সংকট এখন আরও জটিল হয়ে উঠেছে। আন্তর্জাতিক চাপ ছাড়া এ সমস্যা সমাধান কঠিন বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (সিএনআরবি) এ সভার আয়োজন করে।
রোহিঙ্গা সংকটের বয়স প্রায় ১০ বছর উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এটি বাংলাদেশের তৈরি কোনো সমস্যা নয়। অথচ বছরের পর বছর ধরে এর বড় চাপ বাংলাদেশকে বহন করতে হচ্ছে।
তিনি বলেন, এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও রোহিঙ্গা সংকট নিয়ে একটি অধিবেশন হবে। এতে প্রধানমন্ত্রী অংশ নেবেন। দীর্ঘদিন ধরে এ সংকট নিয়ে আলোচনা হলেও বাস্তবে পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে।
সংকটের জটিলতা ব্যাখ্যা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের সীমান্তের ওপারে দেশটির সরকার, আরাকান আর্মিসহ বিভিন্ন পক্ষ সক্রিয়। বিভিন্ন দেশেরও সেখানে স্বার্থ রয়েছে। ফলে অঞ্চলটিতে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে।
তার মতে, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান করা খুব কঠিন হবে। এ ক্ষেত্রে দেশের বাইরে থাকা বাংলাদেশিদেরও নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
জাতিসংঘ অধিবেশনকে বাংলাদেশের জন্য সুযোগ দেখছেন প্রতিমন্ত্রী
আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হবে। সেখানে উন্নয়নের অধিকার ঘোষণার চার দশক, ডারবান ঘোষণার রৌপ্যজয়ন্তী, জলবায়ু পরিবর্তন, অতিমারি প্রতিরোধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন শামা ওবায়েদ। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য নতুন যাত্রা, সম্ভাবনা ও আকাঙ্ক্ষাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় বাংলাদেশের গল্প বিশ্ব দরবারে তুলে ধরার বড় সুযোগ এবার পাওয়া যেতে পারে।
প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপির ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’—এই পররাষ্ট্রনীতিকে সামনে রেখে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরার সুযোগ রয়েছে।
এ ক্ষেত্রে জাতীয় স্বার্থ, বাংলাদেশের সম্ভাবনা এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী। বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, গুম-সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন এবং ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।

