রূপগঞ্জে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, রূপগঞ্জ
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাবো বাজারে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। রাত ৯টায় নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান রূপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন—নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)।
পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তারাবো বাজারে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ গ্রুপের সঙ্গে নবী গ্রুপের বিরোধ চলে আসছিল। কয়েক দিন পরপরই তারা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে এলাকায় মহড়া, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ত।
এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। বৃহস্পতিবার গভীর রাতে এই দুই গ্রুপ অস্ত্রের মহড়া, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়ায়। এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় নবী গ্রুপের ওই চারজনকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।