অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করলেন আনসার-ভিডিপি সদস্যরা
ডেইলি সান রিপোর্ট, জয়পুরহাট
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
জয়পুরহাটে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে স্থানীয় মানুষের চলাচল স্বাভাবিক করেছেন আনসার-ভিডিপি সদস্যরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ছাওলাপাড়া ঈদগাহ মাঠ থেকে ছাওলাপাড়া দাখিল মাদ্রাসা পর্যন্ত সড়কের ধসে যাওয়া অংশ মেরামত করেন তারা।
স্থানীয় সূত্র জানায়, অতিবৃষ্টির কারণে সড়কের মাঝের একটি অংশ ধসে যায়। এতে যানবাহন ও স্থানীয় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল এবং ওই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
বিষয়টি নজরে আসার পর জনদুর্ভোগ কমাতে স্থানীয় ইউনিয়ন দলনেতা মো. নজরুল ইসলামের নেতৃত্বে ২০ জন আনসার-ভিডিপি সদস্য মেরামতকাজে এগিয়ে আসেন। তারা নিজ উদ্যোগে শ্রম দিয়ে সড়কের ধসে যাওয়া অংশ মেরামত করে চলাচলের উপযোগী করে তোলেন।
এ উদ্যোগের ফলে স্থানীয় মানুষের দুর্ভোগ কমেছে এবং সড়কটিতে স্বাভাবিক চলাচল পুনরায় শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্যোগ ও জনদুর্ভোগের সময়ে আনসার-ভিডিপি সদস্যদের এমন উদ্যোগ প্রশংসনীয়। জননিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কাজেও তাদের ভূমিকা স্থানীয় মানুষের জন্য সহায়ক হচ্ছে।