দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, চালক-হেলপারসহ নিহত ৩
ডেইলি সান রিপোর্ট, ফেনী
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ এএম
ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসটির চালক রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে একটি লং ভেহিক্যালের সঙ্গে সেটি বেঁধে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসচালক নিহত হন। আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাজিলপুর হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।