লক্ষ্মীপুরে আইনজীবী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার আসামি মেহেদী হাসান তুষার।
লক্ষ্মীপুরে সাবেক শিক্ষক, জেলা জজ আদালতের আইনজীবী ও মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেনকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় মেহেদী হাসান তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, তুষার ২০২৫ সালের ১৬ মে লক্ষ্মীপুর সদর মডেল থানায় দায়ের করা অপহরণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। ভুক্তভোগী আবুল হোসেনের স্ত্রী হাছিনা আক্তার বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৫ মে আবুল হোসেনকে শহরের বাগবাড়ি এলাকা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা ১ লাখ ৪৭ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। পরে পরিবারের কাছে আরও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, তুষার অপহরণ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।