EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজ থেকে ৮০ স্বর্ণবার উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজ থেকে ৮০ স্বর্ণবার উদ্ধার

ছবি: সংগৃহীত

অ অ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস হাউস, ঢাকা। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে।

প্রেস রিলিজে বলা হয়, বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, ঢাকা জানতে পারে, রাত ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাই দুবাইয়ের FZ523 ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হচ্ছে।

খবর পাওয়ার পর কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীরা উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশির জন্য উপস্থিত হন। এ সময় উড়োজাহাজটি যাত্রীবিহীন অবস্থায় পাওয়া যায়।

পরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়। এ সময় 19A আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি বস্তু পাওয়া যায়।

প্যাকেটগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হলে সেখানে ৮০টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণবারগুলোর ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম।

এনবিআরের প্রেস রিলিজে উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।

স্বর্ণবারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। কাস্টমসের ধারণা, সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণবারগুলো উড়োজাহাজের আসনের নিচে কৌশলে লুকিয়ে দেশে আনা হয়েছিল। পরে এগুলো বিমানবন্দরের বাইরে পাচারের আশঙ্কা ছিল।

কাস্টমস হাউস, ঢাকা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে স্বর্ণ চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।

উদ্ধার করা স্বর্ণবারগুলো মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণবারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে। মামলাটি ৩ সেপ্টেম্বর দায়ের করা হয় এবং এর নম্বর ৭।

দেশীয় অর্থনীতি রক্ষা ও চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউস, ঢাকা নিয়মিত নজরদারি ও অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছে এনবিআর।

আরও পড়ুন