EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলার রায়, ১ জনের মৃত্যুদণ্ড

২ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলার রায়, ১ জনের মৃত্যুদণ্ড

সাংবাদিক মশিউর রহমান উৎস।

অ অ

দীর্ঘ ১১ বছর পর রংপুরে সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলায় আদালত রায় দিয়েছেন। রায়ে একজনকে মৃত্যুদণ্ড, দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে খালাস দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন উৎসের মা নুরজাহান বেগম।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এই রায় দেন। রায়ে আসামি রবিউল হেমরম ওরফে হেকরমকে (২৪) মৃত্যুদণ্ড এবং শুভ কুমার (২৫) ও এলিনকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জহিরন আক্তার জুঁই ওরফে গেদী (২৮), রিপন মিয়া (২৫) ও রেজাউল ইসলাম রুপমকে (২২) বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের সময় গেদী ছাড়া বাকি সবাই পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদি বেলাল জানান, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর স্থানীয় দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎস রংপুর নগরীর ধর্মদাস শেখ পাড়া এলাকায় নির্মমভাবে খুন হন। এ ঘটনায় উৎসের মা নুরজাহান বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং কিছু অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ পরে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। দীর্ঘদিন সাক্ষীদের জবানবন্দি ও জেরা শেষে বিচারক এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর মা নুরজাহান বেগম। 

রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন সাংবাদিক উৎসের মা ও স্বজনরা। উৎসের বোন বলেন, ‘প্রায় ১১ বছর পর বিচারটা হলো, কিন্তু বিচারটা ভুল ছিল। আমি অনেক জায়গায় সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু পাইনি। পেলে হয়তো একটু স্বস্তি পেতাম। আমরা এই রায়ে সন্তুষ্ট নই।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা পেশাকে সবাই ভালোবেসেই বেছে নেন, অর্থের জন্য নয়। কারও কোনো অঘটন ঘটলে দুই-চার দিন পর সবাই ভুলে যায়, যেমনটা আমাদের পরিবারের ক্ষেত্রে হয়েছে। আমরা চাই, ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে। ঘটলেও যেন প্রকৃত বিচার পাওয়া যায়।’

সাংবাদিক উৎসের মা নুরজাহান বেগম বলেন, ‘আমার ছেলের হত্যা মামলার এই রায়ে আমি সন্তুষ্ট নই। যথাযথ ন্যায়বিচার পাইনি। যিনি মূল আসামি ছিলেন, তিনিই খালাস পেয়েছেন। তার শাস্তি হয়নি, বরং নির্দোষ হিসেবে খালাস পেয়ে গেছেন। আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব।’

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদি বেলাল বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করব। বিশেষ করে যিনি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে আমরা মনে করি, সেই মাদক ব্যবসায়ী জহিরন আক্তার জুঁইকে অব্যাহতি দেওয়া হয়েছে। অথচ জুঁইয়ের মাদক ব্যবসার বিরুদ্ধেই সাংবাদিক উৎস প্রতিবেদন করতেন।’

আরও পড়ুন