EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গাকৃবি-সিরডাপ সমঝোতা স্মারক স্বাক্ষরে সম্মত দুই প্রতিষ্ঠান

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

গাকৃবি-সিরডাপ সমঝোতা স্মারক স্বাক্ষরে সম্মত দুই প্রতিষ্ঠান
অ অ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (সিরডাপ) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঐকমত্যে পৌঁছান সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর এবং গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এর মধ্য দিয়ে কৃষি, পল্লি উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সহযোগিতার নতুন দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।

গাকৃবির উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক যাত্রা, শিক্ষা-গবেষণা এবং সাম্প্রতিক অর্জন নিয়ে একটি ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক অগ্রযাত্রার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়।

এরপর অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা। এতে কৃষি ও পল্লি উন্নয়নে সমন্বিত গবেষণা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

গাকৃবি উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাকৃবি শুধু কৃষি শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান হিসেবে নয়, দেশের পল্লি ও কৃষির বাস্তব সমস্যার সমাধানে জ্ঞানভিত্তিক নেতৃত্ব দিতে চায়। সিরডাপের সঙ্গে এই সহযোগিতা গবেষণা, প্রশিক্ষণ ও উদ্ভাবনকে মাঠপর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি করবে।’

সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর বলেন, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অগ্রযাত্রা আমাদের মুগ্ধ করেছে। সিরডাপ ও গাকৃবির অভিজ্ঞতা ও সক্ষমতাকে একত্র করা গেলে এ অঞ্চলের পল্লি উন্নয়ন, কৃষি ও মানবসম্পদ বিকাশে কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া সম্ভব হবে।’

অনুষ্ঠানে সিরডাপের মানবসম্পদ ও প্রশাসন শাখার প্রধান এফ. এ. এম জাকিরুল হক উপস্থিত ছিলেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, সিনিয়র শিক্ষক এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা। আলোচনা শেষে গাকৃবির মাঠ পর্যায়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম এবং ল্যাব পরিদর্শন করেন ড. পি. চন্দ্র শেখর।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন, শিক্ষার্থীদের গবেষণা ও বিভিন্ন প্রকল্পে সম্পৃক্ত হবার সুযোগ সৃষ্টি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কৃষি ও পল্লি উন্নয়নভিত্তিক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ উদ্যোগকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সহযোগিতার পরিধি সম্প্রসারণের পাশাপাশি দেশের কৃষি ও পল্লি উন্নয়নে গবেষণাভিত্তিক জ্ঞানকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন