যশোরে এক বাড়ি থেকে বাবা ও দুই শিশুর মরদেহ উদ্ধার
ডেইলি সান রিপোর্ট, যশোর
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম
ছবি: সংগৃহীত
যশোরের শার্শায় একটি বাড়ি থেকে এক ব্যক্তি ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কামাল হোসেন (৪৫) এবং তাঁর দুই ছেলে সাবির (৫) ও জাবির (২ বছর ৬ মাস)।
স্থানীয়রা জানান, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তাঁর সাত সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই শিশুসন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে সাবির ও জাবির বাবার সঙ্গে ওই বাড়িতে ছিল।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ কামাল হোসেনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলেও ধারণা করা হচ্ছে। তবে শিশু দুটির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় তাঁর দুই শিশুসন্তানের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।