EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সার্বিক কার্যক্রম, উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বাহিনীর সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন ও আধুনিকায়ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বিগত গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জননিরাপত্তা বিধান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার-ভিডিপির সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের সঙ্গে বাহিনীর সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, আনসার-ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। জাতীয় ও জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাহিনীর আধুনিকায়ন ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি আনসার বাহিনীর সংস্কার, বিশেষ করে আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও স্মরণ করেন।

বাহিনীর সদস্যদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টির কথাও বলেন তিনি।

এ সময় সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে আনসার-ভিডিপির অর্জন এবং বিভিন্ন জনমুখী কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রপতি। এসব উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি আনসার-ভিডিপির সার্বিক উন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে দেশের শান্তি, নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুবিধাজনক সময়ে আনসার একাডেমি পরিদর্শনের আমন্ত্রণ জানান। তিনি রাষ্ট্রপতির দিকনির্দেশনা সামনে রেখে বাহিনীর কার্যক্রম আরও জনমুখী, আধুনিক ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় রাষ্ট্রপতির সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন