মহাখালী টার্মিনালে অপেক্ষমাণ বাস স্থানান্তরে ডিএমপির অভিযান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরের জন্য বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।
মো. আনিছুর রহমান জানান, টার্মিনাল এলাকায় দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ বাসগুলো ধাপে ধাপে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি বাস সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট বাসগুলোও পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।
তিনি বলেন, এ অভিযানের মূল উদ্দেশ্য হলো টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা। পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস রাখার জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। এ ক্ষেত্রে বাস মালিক ও চালকদের সহযোগিতা কামনা করেন তিনি।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, অভিযান চলাকালে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বাস মালিক ও চালকদের অপেক্ষমাণ বাসগুলো মহাখালী টার্মিনাল থেকে সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।