EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জিয়ার রাজনীতি ছিল অন্যকে সম্মান করা: হুইপ নিজান

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

জিয়ার রাজনীতি ছিল অন্যকে সম্মান করা: হুইপ নিজান
অ অ

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, “জিয়ার রাজনীতি ছিল অন্যকে সম্মান করা। ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই আমাদের বিরোধী মতকে সম্মান করতে হবে।”

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির উদ্যোগে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফ উদ্দিন নিজান বলেন, “একসময় আমরা মিছিল করতে পারতাম না, বাগানে বাগানে পালিয়ে ছিলাম। আজকে আমরা বুক ফুলিয়ে মিছিল করছি। এখন বাধা দেওয়ার কোনো মানুষ নেই, দেওয়ার সাহসও নেই। এজন্যই বলি, ক্ষমতাই ক্ষমতা, মজাই মজা। এই মজা চিরস্থায়ী নয়।”

তিনি বলেন, “সেজন্য আমি অন্যকে সম্মান করি, বিরোধী মতকে সম্মান জানাই। কারণ এখন আমাদের সরকারের মাত্র ছয় মাস বয়স। সাড়ে চার বছর পর আবার নির্বাচন হবে। সেদিন কিন্তু মানুষ ঠিক করে নেবে। আজকে যে মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করছেন, যে মানুষটাকে ধমক দিয়েছেন, ক্ষমতা দেখিয়েছেন, সাড়ে চার বছর পর আবার তার কাছে আমাদের যেতে হবে। এটার নামই গণতান্ত্রিক রাজনীতি।”

হুইপ বলেন, “আমরা গণতান্ত্রিক রাজনীতির কথা বলব। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলব। আমরা দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলব। এ দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কথা বলব।”

তিনি বলেন, “১৭ বছর আওয়ামী লীগ টিআর-কাবিখা লুট করেছে, মানুষ তাদের জবাব দিয়েছে। এখন আপনারা (বিএনপি) যদি তাই করেন, আপনাদেরকেও মানুষ জবাব দেবে।”

নেতাকর্মীদের সতর্ক করে আশরাফ উদ্দিন নিজান বলেন, “আপনারা আমাকে লক্ষ্য করবেন, অনুসরণ করবেন। আমি অনুসরণ করব আমার নেতা তারেক রহমানকে। তারেক রহমান এখনো ১৫০ টাকার ক্যান্টিনের ভাত খান। তিনি বড় চেয়ারে বসেন না। আমি কেন বসব?”

তিনি আরও বলেন, “আপনাদের প্রথমেই চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে। মুখোশধারী পরিবর্তন আনলে হবে না।”

আশরাফ উদ্দিন নিজান বলেন, “আমরা স্বৈরাচারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছি। তাই আমাদের সকলকে সাবধান ও সংযত থাকতে হবে। আমরা যেন জনগণের মাঝে একই রূপে আবির্ভূত না হই, যেভাবে আওয়ামী লীগ আবির্ভূত হয়েছে।”

উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমলনগর উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন, সদস্যসচিব আবু সাঈদ দোলন ও মহিলা দলের সভাপতি হোসনে আরা বাশারসহ দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন