EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে বাজারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম

ফরিদপুরে বাজারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ৩০
অ অ

ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তবর্তী ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবারের ঘটনার জেরে রোববার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সালথার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া ব্রিজ এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে কবির মোল্যা, কামরুল মোল্যা ও লোকমান মোল্যাসহ অন্তত ৩০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ নিয়ে পরমেশ্বরদী ইউনিয়নের বরখাস্ত চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর এবং পার্শ্ববর্তী সালথার খাড়দিয়া গ্রামের বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদের সমর্থকদের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এ বিরোধ আরও তীব্র হয়।

গত শুক্রবার ময়েনদিয়া দাইপাড়া এলাকায় একটি দোকানে হামলার ঘটনা ঘটে। এর পরদিন শনিবার এক ইলেকট্রনিকস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। এ সময় স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। যুবদল নেতা সোলায়মান এবং তাকে উদ্ধার করতে গিয়ে মুশফিক বিল্লাহ জিহাদ হামলার শিকার হয়ে গুরুতর আহত হন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ ঘটনার জেরেই রোববার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে পুরো বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বর্তমানে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান সোমবার জানান, হামলার ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন