ডিএসসিসি প্রশাসক
সিটি কর্পোরেশনের সিল ছাড়া মাংস বিক্রি হলে জব্দ, বন্ধ করে দেওয়া হবে দোকান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্ধারিত দোকানেই মাংস বিক্রি করতে হবে। বিক্রির আগে মাংস পরীক্ষা করে তাতে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার সিল থাকতে হবে। এই সিল দেখেই ক্রেতারা বুঝতে পারবেন, মাংসটি পরীক্ষিত।
সোমবার রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে এসব কথা বলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, প্রতিটি মাংসের গায়ে ঢাকা সিটি কর্পোরেশনের সিল থাকতে হবে। সিল ছাড়া মাংস বিক্রি হলে তা জব্দ করা হবে। অবৈধভাবে জবাই করা মাংস বিক্রি করলে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বাজারে পশু জবাই করা যাবে না। অননুমোদিত স্থানে পশু জবাই করলে জরিমানা করা হবে। আর অবৈধভাবে জবাই করা মাংস বিক্রি হলে দোকান বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, অন্য জায়গা থেকে মাংস আনা হলে পশুটি সঠিকভাবে জবাই হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ থাকে না। পশুটি সুস্থ ছিল কি না বা কোনো রোগে আক্রান্ত ছিল কি না, সেটিও জানা যায় না। এমনকি গরুর নামে মহিষ বিক্রি হচ্ছে কি না, তা–ও নিশ্চিত করা সম্ভব হয় না।
এসব বিষয় নিশ্চিত করতে নির্ধারিত জবাইখানায় পশু জবাই করতে হবে বলে জানান তিনি।
জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার কথাও বলেন আবদুস সালাম। তিনি বলেন, পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। কেউ দায়িত্বে অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।