বসুন্ধরায় ছিনতাই, ৩৬ ঘণ্টায় মূল অভিযুক্ত আটক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত গোলাম রাফি খানকে ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে আটক করেছেন ওই এলাকার নিরাপত্তাকর্মীরা। পরে তাকে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গোলাম রাফি খান বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ১০ নম্বর সড়কের একটি বাসায় বসবাস করেন। প্রায় ১৬ বছর ধরে তিনি ওই এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বসুন্ধরা এলাকায় হেঁটে যাওয়া এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলের ছবিও সংগ্রহ করেন নিরাপত্তাকর্মীরা।
আটকের পর গোলাম রাফি খান ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সময় তিনি নিজেকে ইয়াবাসেবী বলেও দাবি করেন।
নিরাপত্তাকর্মীরা জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ, ব্যবহৃত মোটরসাইকেলের ছবি ও স্বীকারোক্তিমূলক ভিডিও তদন্তের জন্য সংরক্ষণ করা হয়েছে।