বিইউপির পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিন ভবন উদ্বোধন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি গুরুত্বপূর্ণ ভবন উদ্বোধন করা হয়েছে। ভবনগুলো হলো—ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার।
আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে মিরপুর সেনানিবাসে আজ রবিবার (৩০ আগস্ট) ভবন তিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
উদ্বোধন শেষে প্রধান অতিথি বিইউপির পশ্চিম ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন।
-6a93ecca27c27.jpg)
উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্ব বিইউপির স্বাধীনতা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
স্বাগত বক্তব্যে তিনি শিক্ষা, গবেষণা ও উচ্চশিক্ষার প্রসারে বিইউপির অব্যাহত অগ্রগতির কথা তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলমের লেখা ‘Educating Minds; Awakening Conscience’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।
পরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কৃত করেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল একাডেমিক উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যেই এর প্রকৃত সাফল্য নিহিত।

তিনি আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দেশপ্রেমিক প্রজন্ম গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বিইউপির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, বিইউপির পশ্চিম ক্যাম্পাসের নবনির্মিত তিনটি ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিইউপির সাবেক উপাচার্যরা, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।