ড. ইউনূস বিদেশিদের খুশি করতে দেশ ধ্বংস করে দিয়েছেন: শওকত আজিজ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম
ছবি: সংগৃহীত
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। তিনি অভিযোগ করেছেন, বিদেশিদের খুশি করতে ড. ইউনূস এমন একটি অসম চুক্তি করেছেন, যার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।
সম্প্রতি টেলিভিশন টকশো ‘তৃতীয় মাত্রা’য় অংশ নিয়ে দেশের সমসাময়িক অর্থনীতি ও রাজনীতি প্রসঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
আলোচনার একপর্যায়ে ড. ইউনূসকে উদ্দেশ করে শওকত আজিজ রাসেল বলেন, ‘দাসত্বের চুক্তি করে ড. ইউনূস দেশটাকে পুরোপুরি শেষ করে, ধ্বংস করে দিয়ে গেছেন।’
কর সুবিধা নিয়ে প্রশ্ন
ড. ইউনূসের কর সুবিধার সমালোচনা করে শওকত আজিজ রাসেল বলেন, চ্যারিটি বা দাতব্য প্রতিষ্ঠানের আড়ালে কর সুবিধা নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, রাষ্ট্রের প্রাপ্য কর পরিশোধের পর উদ্বৃত্ত অর্থ দিয়ে দাতব্য কর্মকাণ্ড পরিচালনা করা উচিত।
তিনি বলেন, ড. ইউনূসের প্রতিষ্ঠানগুলোকে ‘নন-প্রফিট’ হিসেবে দেখিয়ে কর সুবিধা নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, একই সুযোগ দেশের অন্য ব্যবসায়ীদের দেওয়া হলে তারাও নিজেদের প্রতিষ্ঠানকে নন-প্রফিট হিসেবে ঘোষণা করে কর সুবিধা নিতে পারতেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে অভিযোগ
শওকত আজিজ রাসেল অভিযোগ করেন, দেশের নাগরিক ও ব্যবসায়ীদের অন্ধকারে রেখে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অসম চুক্তি করা হয়েছে। তাঁর দাবি, চুক্তিটির ফলে বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, ‘এখন আমাদের এক চুল নড়তে গেলেও ওদের পারমিশন লাগে।’ তাঁর ভাষ্য, কোনো দেশ বা প্রতিষ্ঠানের কাছ থেকে তেল, ক্যাবল কিংবা অন্য কোনো পণ্য কেনার ক্ষেত্রেও যদি বিদেশি অনুমতির প্রয়োজন হয়, তাহলে সেটি স্বাধীন দেশের জন্য উদ্বেগের বিষয়।
রূপপুর প্রকল্প প্রসঙ্গ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রসঙ্গ তুলে শওকত আজিজ রাসেল বলেন, রাশিয়ার সঙ্গে করা প্রায় ১২ বিলিয়ন ডলারের প্রকল্পে মূল প্ল্যান্টের পাশাপাশি অবকাঠামো নির্মাণেও বিপুল অর্থ ব্যয় হয়েছে। তাঁর দাবি, প্রকল্পের অবকাঠামো ইতোমধ্যে তৈরি হওয়ায় ভবিষ্যতে একই ধরনের প্রকল্প তুলনামূলক কম ব্যয়ে বাস্তবায়ন করা সম্ভব হতো।
তবে নতুন চুক্তির কারণে ভবিষ্যতে অন্য কোনো দেশের সঙ্গে এ ধরনের বড় প্রকল্প নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এতে দেশের বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে বলেও মন্তব্য করেন।
সবশেষে শওকত আজিজ রাসেল বলেন, ড. ইউনূস ব্যক্তিগতভাবে ভালো বা শ্রদ্ধেয় মানুষ হতে পারেন; তবে রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করে তাঁর নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে। বিদেশিদের স্বার্থ রক্ষায় করা চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।