EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশ: প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশ: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই দেশের ২০ কোটি মানুষ ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোর প্রত্যাশা পূরণে সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা এমন কিছু মানুষকে স্মরণ করছি, যাদের আজ আমাদের মাঝে থাকার কথা ছিল। কিন্তু দুঃখজনকভাবে তারা নেই। তাঁদের এই মহান ত্যাগের বিনিময়েই আজ দেশের ২০ কোটি মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।’

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বিভিন্ন আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বাস্তবতার কারণে সবকিছু দ্রুত করা সম্ভব না হলেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।


শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, ‘সীমিত সম্পদের মধ্যেও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের পাশে থাকার। যে অপূরণীয় ক্ষতি আপনাদের হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’

তিনি আরও বলেন, শহীদ ও আন্দোলনকারীদের আত্মত্যাগই সরকারের কাজের মূল প্রেরণা। তাঁদের ত্যাগ, সমর্থন ও সহযোগিতার কারণেই সরকার পূর্ণ উদ্যমে কাজ করার সাহস পাচ্ছে। শহীদ পরিবারের সদস্যদের সরকারের পাশে থেকে উৎসাহ ও সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন। তারা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আরও পড়ুন