ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক
চার ঘণ্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই হৃদরোগীর মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার যানজটে আটকে পড়ে হৃদরোগে আক্রান্ত আমিরুন্নেছাকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স। প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দাউদকান্দি এলাকায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাম্বুলেন্সে থাকা নিহতের স্বজন তারেক আল হাসান।
নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছানোর পর তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি।
এরপর দীর্ঘ চার ঘণ্টা গাড়ি প্রায় স্থবির হয়ে থাকায় শেষ পর্যন্ত সাড়ে রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, যানজটের মধ্যে অ্যাম্বুলেন্সে রোগী মারা যাওয়ার বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।
