EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৪৮ বিঘার ঘের কার দখলে? মোরেলগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ডেইলি সান রিপোর্ট, মোরেলগঞ্জ (বাগেরহাট)

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:১৬ পিএম

৪৮ বিঘার ঘের কার দখলে? মোরেলগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
অ অ

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৮ বিঘা আয়তনের একটি মৎস্য ঘেরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত দুই পক্ষের লোকজনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রাত ৯টার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত নাজিম মাহমুদ জুয়েল (৪৫), মাহবুব জমাদ্দার (৫০), লিটন সরকার (৪৫) ও জুয়েল চৌকিদারকে (৩০) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মাসুদ শেখ রিদয় (২৭), এনায়েত ফকির (৩৮), ইব্রাহিম খলিল (২৮), সুজন তালুকদার (২৫) ও সুমন তালুকদার (৪০)।

অন্য পক্ষের রাজীব হাওলাদার (২৫), মারুফ হাওলাদার (২৭) ও শহিদ হাওলাদার (৫০) গুরুতর আহত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঘেরটির মালিকানা দাবি করে মাস্টার জাহিদুল ইসলাম বলেন, রাকিব হাওলাদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ঘেরে হামলা চালায়। এতে ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে রাকিব হাওলাদারের দাবি, জুয়েলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঘেরে হামলা চালিয়ে মাছ লুট করে। একপর্যায়ে ঘেরের ঘরেও অগ্নিসংযোগ করা হয়। পরে এলাকাবাসী বহিরাগতদের ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

স্থানীয়রা জানান, রাজনৈতিক পটপরিবর্তনের আগে ওই ঘেরটি আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল। পরে জমির মালিক ও বর্তমান ক্ষমতাসীন দলের অনুসারীরা ঘেরটির দখল নেন বলে অভিযোগ রয়েছে। ঘেরটি নিয়ে এর আগেও কয়েক দফা মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সালিশ বৈঠকের পাশাপাশি থানা ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণপদ সরকার বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন