স্পিকারকে ৬৭ এমপির চিঠি, সংরক্ষিত নারী এমপিদের তদারকির ক্ষমতা নিয়ে আপত্তি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম
প্রত্যক্ষভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা দেওয়ার উদ্যোগকে ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ আখ্যা দিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন ৬৭ জন সংসদ সদস্য।
গত ২৩ আগস্ট স্পিকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক লিখিত আপত্তি জানানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠির বিষয়টি প্রকাশ করলে তা সামনে আসে। চিঠিতে ৬৭ জন সংসদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী কোনো নির্দিষ্ট আসনে নির্বাচিত সংসদ সদস্যের ওপর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের তদারকির সুযোগ নেই। কোথাও এ ধরনের দায়িত্ব দেওয়া হলে তা সংসদীয় রীতি ও সংবিধানের পরিপন্থী হবে।
সংসদ সদস্যরা আরও উল্লেখ করেন, জবাবদিহির কাঠামোর কারণে একজন সংসদ সদস্যকে অন্য আরেকজনের কাজ তদারকি, অনুমোদন বা সমন্বয়ের ক্ষমতা দেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই।
চিঠিতে বিশ্বের বিভিন্ন দেশের নারী প্রতিনিধিত্বের ব্যবস্থার উদাহরণও তুলে ধরা হয়েছে। এতে রুয়ান্ডা, পাকিস্তান, তানজানিয়া, উগান্ডা, কেনিয়া, নিউজিল্যান্ড ও ভারতের সংসদে নারী প্রতিনিধিত্বের মডেল নিয়ে আলোচনা করা হয়।
চিঠিতে বলা হয়, বিশ্বের কোনো প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক কাঠামোতেই একই নির্বাচনি এলাকায় একজন প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্যের কাজের ওপর অন্য কোনো সদস্যের আইনগত তদারকি বা সমন্বয়ের নজির নেই।
এ অবস্থায় আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে প্রত্যক্ষভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় সংরক্ষিত নারী আসনের সদস্যদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ এবং প্রস্তাবিত আইন সংশোধনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ৬৭ এমপি।
চিঠিতে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।