মানবসেবায় ঈদে মিলাদুন্নবী উদযাপন, বিনামূল্যে চিকিৎসা দিল ফরাজী ও মাদানী হাসপাতাল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানীতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ফরাজী ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেড ও মাদানী হসপিটাল লিমিটেড। বুধবার (২৬ আগস্ট) পৃথক সময়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।
ফরাজী হাসপাতাল বারিধারা ও মাদানী হসপিটাল লিমিটেডের উদ্যোগে আয়োজিত এসব ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা নেন। ক্যাম্পে আগত রোগীদের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ফিজিওথেরাপি সেবায় বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়।
ফরাজী হাসপাতাল বারিধারার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং চিকিৎসাসেবায় সহযোগিতা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
মাদানী হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ বলেন, মহানবী (দ.)-এর অনুপম জীবনাচরণের অন্যতম দিক ছিল মানবসেবা। তাঁর জীবন ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এমন মানবিক আয়োজনকে স্বাগত জানান।
হাসপাতাল দুটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।