দেশে সারের কোনো সংকট নেই: ত্রাণমন্ত্রী
সার সরবরাহ নির্বিঘ্ন করতে ডিলার ও খুচরা বিক্রেতার সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি
ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম
লালমনিরহাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশে সারের কোনো ঘাটতি নেই বলে জানান ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে এ খাতে কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ মজুতের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বুধবার (২৬ আগস্ট) লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সার সরবরাহ নির্বিঘ্ন করতে ডিলার ও খুচরা বিক্রেতার সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
সার সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, সরকার সার উৎপাদন ও আমদানিতে প্রচুর ভর্তুকি দিচ্ছে। সারের সংকট যতটা বাস্তব, তার চেয়ে বেশি রটানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সারের সংকটের কথা আলোচনায় এলেও মূলত বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসককে সারের বাজার ও বিতরণ ব্যবস্থা কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অবৈধভাবে সার মজুত রাখলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি; সংবাদ পেলেই ডিলারের গুদামে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন, রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক ও পুলিশ সুপার আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।