দেশে পর্যাপ্ত সার মজুদ আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান ত্রাণমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:১১ এএম
ছবি: সংগৃহীত
দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে, তাই কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে লালমনিরহাট সার্কিট হাউসে সার বিক্রি ও পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। ফলে কৃষকদের চাহিদা পূরণে কোনো সমস্যা হবে না। কৃত্রিমভাবে সার সংকট তৈরি করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সার মৌসুমকে সামনে রেখে মজুদদারি, কালোবাজারি ও সরকারি কর্মকর্তাদের গাফিলতিসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।
সভায় জানানো হয়, সার উত্তোলন, বিতরণ ও সার বিক্রির জন্য ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিতে সরকার তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। কমিটির সদস্য করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ জেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা বক্তব্য দেন।
সভায় জেলার সার ব্যবসায়ী ও ডিলাররাও উপস্থিত ছিলেন।