EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে থাকা দালালদেরও আটকের উদ্যোগ নেওয়া হবে: মন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম

বিদেশে থাকা দালালদেরও আটকের উদ্যোগ নেওয়া হবে: মন্ত্রী
অ অ

সুনামগঞ্জে অবৈধভাবে বিদেশে পাঠানোর নামে প্রতারণাকারী দালালদের তালিকা তৈরি করে দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, এসব দালালকে চিহ্নিত করা হবে। তারা বিদেশে থাকলে সংশ্লিষ্ট দেশ থেকে আটকের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘হিজল’-এ নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, অবৈধ পথে বিদেশে যাওয়া বন্ধ করতে সুনামগঞ্জ থেকেই কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতন করতে হবে। 

এ জন্য মসজিদ, মন্দির ও গির্জাসহ বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

সভায় মন্ত্রী বলেন, সুনামগঞ্জের পাঁচটি উপজেলায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র করা হবে। বিদেশ যেতে আগ্রহীদের বিভিন্ন দেশের ভাষা শেখানো হবে। এতে বিদেশে গিয়ে কাজ করতে তাঁদের সুবিধা হবে।

তিনি বলেন, নতুন ভবন নির্মাণে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। তাই আপাতত যেসব স্কুল ও সরকারি ভবন পড়ে আছে, সেগুলো প্রশিক্ষণকেন্দ্র হিসেবে কাজে লাগাতে হবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ থেকে বিনা খরচে কিছু দেশে জনবল নেওয়ার সুযোগ রয়েছে। সরকারও কর্মীদের বৈধ পথে বিদেশে পাঠানোর উদ্যোগ নিচ্ছে।

সভায় সংসদ সদস্যরা সুনামগঞ্জের জন্য বিশেষ প্রকল্প নেওয়ার দাবি জানান। জবাবে মন্ত্রী বলেন, সুনামগঞ্জের জন্য বিশেষ প্রকল্প নেওয়া হবে। এ জেলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বিশেষ উপহার হিসেবে ১০ হাজার টাকা দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন, তাতে বিদেশে গিয়ে মৃত্যুবরণ করা কর্মীদেরও অন্তর্ভুক্ত করা হবে। সংসারের হাল ধরতে এবং দেশের রেমিট্যান্স বাড়াতে বিদেশে গিয়ে যাঁরা মারা গেছেন, তাঁদের পরিবারকে এই সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, নূরুল ইসলাম নুরুল, মোহাম্মদ কয়ছর আহমেদ ও কামরুজ্জামান কামরুল। আরও বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান ও সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম।

সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন