হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে দেড় মাস পর ফের ভাঙন দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ভাঙন দিয়ে দ্রুত লোকালয়ে পানি ঢুকছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
রবিবার দুপুরে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে কালীগঞ্জ এলাকার বাঁধে এই ভাঙন দেখা দেয়। এরপর প্রবল স্রোতে ভাঙন দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে, যাতে কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে গত ৯ জুলাই রাতে একই বাঁধ ভেঙে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরসহ আশপাশের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি, ফসল ও মাছের ঘেরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের ভাষ্যমতে, সেই ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যায়।
পরে পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের কাজ শুরু করলেও কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যেই দেড় মাসের ব্যবধানে ফের বাঁধে ভাঙন দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, গত দুই-তিন দিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে উজান থেকে ঢলের পানি নেমে আসায় খোয়াই নদীর পানি বেড়েছে। বাঁধ মেরামতের কাজ চলমান থাকা অবস্থাতেই এই ভাঙন দেখা দিয়েছে, যাতে কৃষিজমি ও ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।