নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ৬ জন কারাগারে
ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম
গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তারকৃত ৬ জনকে সন্ত্রাস দমন আইনের মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) বিকেলে পুলিশ তাঁদের আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় মিছিল করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের রাতুল মোল্লা ও মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, মাঝিগাতি গ্রামের রিশাদ শেখ এবং চর সোনাকুড় গ্রামের মেহেদী হাসান ও হৃদয় খান।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের করার খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।