রাষ্ট্র কীভাবে মানবাধিকার লঙ্ঘন করে, ব্যাখ্যা দিলেন অতিরিক্ত ডিআইজি
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:১৩ পিএম
২৪-এর জুলাই-আগস্ট আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটেছে, তা রাষ্ট্র নিজেই করেছে এবং এর মাধ্যমে রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ডেন্ট ও অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক।
শনিবার (২২ আগস্ট) দুপুরে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড ও ‘মাসিক আইন ও বিচার’ পত্রিকার যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় আব্দুর রাজ্জাক বলেন, ‘রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করে কীভাবে? রাষ্ট্র চালায় রাজনৈতিক নেতারা, রাজনৈতিক নেতারা যদি কোনো অপকর্ম করে, তাহলে ওটাকেও সাধারণ অপরাধে ধরতে হবে। কিন্তু রাষ্ট্র যে সংগঠনগুলোকে অন্যের অধিকার অক্ষুণ্ন রাখার জন্য আইনগত এবং সাংবিধানিকভাবে রেখেছে, এই সব সংগঠনগুলোর মাধ্যমে যদি সে অধিকারগুলো এবং সেটাকে ক্ষুণ্ন করে, খর্ব করে, তাহলে সেটাই হবে রাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘন।’
তিনি আরও বলেন, ‘সংবিধানে সভা-সমাবেশ ও বাকস্বাধীনতার অধিকার নির্দিষ্ট সীমা পর্যন্ত দেওয়া হয়েছে। তবে এককভাবে নয়, মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’
কর্মশালার উদ্বোধন করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা। রংপুর জেলা সভাপতি মো. আজগার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইন ও বিচার পত্রিকার সম্পাদক এডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান, সাংবাদিক নেতা ও বিভিন্ন স্তরের মানবাধিকারকর্মীরা।