মণিরামপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, যশোর
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম
যশোরের মণিরামপুর উপজেলায় বাওড়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারখাজুরা বাওড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—হাজরাকাটি গ্রামের মো. অলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন (৬) এবং একই গ্রামের মফিজুর রহমানের ছেলে জিসান (১০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায় তারা। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে যেয়ে তাদের উদ্ধার করে। পরে বাড়িতে নিয়ে এলে তাদের মৃত্যু হয়।
একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে হাজরাকাটি গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া; স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।