EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কলকাতা থেকে দুই সীমান্তে ফিরছে ছয় বাংলাদেশির মরদেহ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০২:৫৫ এএম

কলকাতা থেকে দুই সীমান্তে ফিরছে ছয় বাংলাদেশির মরদেহ

কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার মো. খালেদ। ছবি: সংগৃহীত

অ অ

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের নির্দেশনায় দুই সীমান্ত দিয়ে মরদেহগুলো দেশে পাঠানো হবে।

নিহতদের মধ্যে পাঁচজনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে পাঠানো হবে। তারা হলেন কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, শর্ণশীষ দত্ত, মো. আকরাম আলী এবং সাভারের আহামেদ বাবু।

এ ছাড়া সাতক্ষীরার বাসিন্দা এস এম আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠানো হবে।

কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার মো. খালেদ জানান, মরদেহগুলো দেশে পাঠাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ হলে দ্রুত মরদেহগুলো দেশে পাঠানো হবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করা সম্ভব না হলে মরদেহ দেশে পাঠাতে শনিবার (২২ আগস্ট) পর্যন্ত সময় লাগতে পারে।

নিহত সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতাতেই সৎকার করা হবে। তাঁর ছেলে মায়ের মরদেহ কলকাতায় সৎকারের ইচ্ছা প্রকাশ করেছেন। এ জন্য পশ্চিমবঙ্গের স্থানীয় প্রশাসনের অনুমতি প্রয়োজন। বিষয়টি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

বুধবার রাতে কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। এতে সাত বাংলাদেশি নাগরিকসহ মোট নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন ভারতীয় নাগরিকও ছিলেন।

আরও ১৭ হোটেলকে শোকজ

অগ্নিকাণ্ডের পর কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকার হোটেল ও রেস্তোরাঁগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। প্রয়োজনীয় অনুমতি না থাকার অভিযোগে আরও ১৭টি হোটেলকে শোকজ নোটিশ দিয়েছে কলকাতা পুলিশ ও দমকল বিভাগ।

এর আগে পশ্চিমবঙ্গের দমকল বিভাগ নয়টি আবাসিক হোটেল ও চারটি রেস্তোরাঁকে শোকজ নোটিশ দেয়। নতুন ১৭টি হোটেলসহ এখন পর্যন্ত মোট ২৬টি হোটেল ও চারটি রেস্তোরাঁর বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে।

প্রশাসনের নির্দেশে আপাতত এসব হোটেল ও রেস্তোরাঁয় নতুন অতিথি রাখার অনুমতি নেই। অগ্নিকাণ্ডের পর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, প্রয়োজনীয় অনুমোদন ও ব্যবসা পরিচালনার বৈধতা যাচাই করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন