EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার স্মৃতিচারণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার স্মৃতিচারণ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাসনিম জারা। ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাকে নিয়ে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. তাসনিম জারা।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলের রাজনৈতিক আদর্শ, ব্যক্তিগত সততা ও জ্ঞানচর্চার প্রশংসা করেন তিনি। পোস্টের সঙ্গে মির্জা ফখরুলের সঙ্গে তোলা একটি ছবিও যুক্ত করেন তাসনিম জারা।

নিজের প্রথম ভোট দেওয়ার স্মৃতি তুলে ধরে তাসনিম জারা লেখেন, ‘আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন।’

তিনি বলেন, ২০১৮ সালে প্রথম ভোট দেওয়ার সুযোগ পান তিনি। ওই বছর নির্বাচনের আগে মির্জা ফখরুল তরুণ ভোটারদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘আপনারাই দেশের মালিক’ এবং ‘ইউ ম্যাটার’।

তাসনিম জারা লেখেন, মির্জা ফখরুলের কথায় অনুপ্রাণিত হয়ে তিনি খিলগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। তবে সকালে সেখানে ভোটে কারচুপি হচ্ছে বলে তিনি দেখতে পান।

তার ভাষ্য, এত কিছুর পরও মির্জা ফখরুল নিজের আসনে জয়ী হয়েছিলেন। তবে তিনি সংসদে যাননি। কারচুপির মাধ্যমে গঠিত সংসদে বসতে চাননি বলেও উল্লেখ করেন তাসনিম জারা।

মির্জা ফখরুলের রাজনৈতিক আদর্শের প্রশংসা করে তিনি লেখেন, ক্ষমতার চেয়ার পেয়েও শুধু নীতির কারণে তা দূরে ঠেলে দেওয়ার ঘটনা বিরল।

তাসনিম জারা আরও বলেন, মির্জা ফখরুলকে বারবার কারাগারে পাঠানো হলেও তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা করা যায়নি। তার কখনো মনে হয়নি, মির্জা ফখরুল অর্থ উপার্জনের জন্য রাজনীতিতে এসেছেন।

রাজনীতিতে আসার পর বিভিন্ন প্রবীণ ব্যক্তির পরামর্শ নেওয়ার কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, মির্জা ফখরুলের সঙ্গেও তিনি একাধিকবার কথা বলেছেন। তাঁর রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা জানতে চেয়েছেন এবং বই পড়ার পরামর্শ নিয়েছেন। মির্জা ফখরুল তাকে কয়েকটি বইয়ের নাম বলার পাশাপাশি নিজের বইও দিয়েছেন বলে জানান তিনি।

তাসনিম জারা লেখেন, বাংলাদেশের রাজনীতিতে এমন মানুষ খুব বেশি নেই, যারা রাজনীতি নিয়ে কথা বলার পাশাপাশি অন্যদের বই পড়তে উৎসাহিত করেন। একজন মানুষ রাজনীতিকে কীভাবে দেখেন, তা এসব ছোট বিষয়েও বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব পালনের বিষয়ে আশাবাদ জানিয়ে তাসনিম জারা বলেন, ক্ষমতার পালাবদলের সময় রাষ্ট্রপতির পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পদ কখনো দেশের বড় সংকটের কেন্দ্রবিন্দু হয়েছে, আবার কখনো দেশকে স্থিতিশীলতাও দিয়েছে। চেয়ারে বসা ব্যক্তির চরিত্রের ওপর এই পার্থক্য তৈরি হয় বলে তিনি মনে করেন।

তিনি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রপতি পদের সম্মান ও মর্যাদা বাড়বে এবং দেশে স্থিতিশীলতা ফিরে আসবে।

পোস্টের শেষাংশে তাসনিম জারা লেখেন, ‘আজ থেকে তিনি আর তাঁর দলের কেউ না। বাংলাদেশের।’

আরও পড়ুন