EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
অ অ

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের মো. সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম (৩৫) ও তাদের ৯ বছরের মেয়ে নুছাইফা আক্তার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের নিজ বাড়ি থেকে ঘোড়াঘাটের হমিদপুর চিত্তিপাড়া এলাকায় একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। পথে ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে সেলিম সরকারসহ তার স্ত্রী ও মেয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সম্পা বেগম ও নুছাইফা আক্তারের মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত হন সেলিম সরকার।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না বলে পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন