দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর; ২৫৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন তিনি...
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে করমর্দন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া পাঁচটার দিকে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।
ফলাফল ঘোষণার পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ আসন থেকে উঠে গিয়ে মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে গিয়ে তাকে অভিনন্দন জানান এবং আলিঙ্গন করেন। পরবর্তীতে অন্যান্য সংসদ সদস্যরাও তাকে শুভেচ্ছা জানান।
সিইসি এ এম এম নাসির উদ্দীন জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ছয়জন ভোটদান থেকে বিরত ছিলেন।
এর আগে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এই প্রথম সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।