EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:২২ পিএম

টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
অ অ

ঢাকার ধামরাইয়ে টায়ার পুড়িয়ে তেল তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় হযরত শাহ আলী টায়ার রিসাইক্লিং নামে কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

অভিযানকালে পরিবেশের মারাত্মক ক্ষতি করার অপরাধে কারখানা মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানার পুরো অবকাঠামো ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কোনো অনুমোদন ছাড়াই উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে টায়ার পুড়িয়ে ক্ষতিকারক তেল তৈরি করে আসছিল কারখানা কর্তৃপক্ষ। এতে টায়ারের কালো ধোঁয়ায় চারপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ে। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, অবৈধভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে এবং কারখানাটি ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এই ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এছাড়া এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহনের ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান এই কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক হাবিবুর রহমানসহ পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিসের সদস্য।

আরও পড়ুন