EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লালমনিরহাট

ধরলা নদীর ভাঙন রোধে একনেকে ৩০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রকল্পটি বাস্তবায়িত হলে ধরলার তীব্র ভাঙন থেকে সদর উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো স্থায়ী সুরক্ষা পাবে

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম

ধরলা নদীর ভাঙন রোধে একনেকে ৩০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

লালমনিরহাটে ধরলা নদীর ভাঙন কবলিত এলাকা।

অ অ

লালমনিরহাট সদর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ধরলা নদীর ভাঙন রোধ ও নদীর ডান তীরের স্থায়ী সুরক্ষায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি বড় প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ধরলার তীব্র ভাঙন থেকে সদর উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো স্থায়ী সুরক্ষা পাবে। এর ফলে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে থাকা বসতভিটা, ফসলি জমি, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা রক্ষা করা সম্ভব হবে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধরলার ডান তীর রক্ষায় দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি ছিল। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙনজনিত ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং নদীতীরবর্তী মানুষের জানমালের নিরাপত্তা বাড়বে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম এলেই ধরলার পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে ভাঙন তীব্র আকার ধারণ করে। বছরের পর বছর বহু পরিবার বসতভিটা ও আবাদি জমি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। নদীর গতিপথ পরিবর্তনের কারণে নতুন এলাকাও হুমকির মুখে পড়ে। কৃষিনির্ভর পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছিল।

প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর নদীপাড়ের মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে। তবে সচেতন মহল বলছে, অনুমোদনের পাশাপাশি দ্রুত কাজ শুরু, নকশা যথাযথ অনুসরণ এবং নির্মাণকাজের মান নিশ্চিত করা জরুরি। আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহার করে তীররক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশা করছেন, প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে ধরলার ডান তীরে একটি স্থায়ী সুরক্ষা বলয় তৈরি হবে, যা এলাকার অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন