EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিউ তৃপ্তি বেকারিকে জরিমানা

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিউ তৃপ্তি বেকারিকে জরিমানা

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ছবি।

অ অ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দাশেরহাট বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও লাইসেন্স না থাকায় ‘নিউ তৃপ্তি বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এ রায় দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, দাশেরহাট পশ্চিম বাজারে আলী হোসেন হৃদয়ের মালিকানাধীন নিউ তৃপ্তি বেকারিতে দীর্ঘদিন ধরে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। তৈরিকৃত খাবারে নিষিদ্ধ কেমিক্যাল বা ক্ষতিকর রং ব্যবহার করা হতো এবং উৎপাদিত খাবারের মোড়কে কোনো উৎপাদনের তারিখ বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকত না। এছাড়া ওই বেকারির বৈধ কোনো লাইসেন্সও ছিল না।

এ সব অপরাধে নিরাপদ খাদ্য আইনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ঘটনাস্থলেই বেকারির জব্দকৃত অস্বাস্থ্যকর মালামাল নষ্ট করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ছাড়াও র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের সদস্য, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন